বিধি ভেঙে বসন্তবরণে যশোর পৌরপার্কে বিপুল জনসমাগম করে সাংস্কৃতিক অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে চলছে সরকারি বিধিনিষেধ। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে কোনো প্রকার সভা-সমাবেশ, জনসমাগমের ওপর নিষেধাঞ্জা বলবৎ রয়েছে। অথচ এসব বিধিনিষেধ উপেক্ষা করে প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই সোমবার যশোর পৌরপার্কে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি শেষে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যশোরের চারটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি বিধি ভেঙে এ ধরনের অনুষ্ঠান করায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


স্থানীয়রা জানান, গত আট বছর ধরে যশোর পৌর উদ্যানে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি করে আসছে আহাদ রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র, থ্যালাসেমিয়া সমিতি, উৎসব কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট ও আমরা যশোর নামে চারটি সংগঠন। এরই ধারাবাহিকতায় গতকাল পহেলা ফাল্গুন ভালোবাসা দিবসে সেখানে একই আয়োজন করা হয়। তবে করোনার কারণে এ আয়োজনকে সীমিত করার বিষয়ে যশোর পৌর প্রশাসনের নির্দেশনা থাকলেও সেখানে রক্তদান কর্মসুচি শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি চললেও দুপুরের পর একই মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক পর্যায়ে সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সেখানে জড়ো হয় কয়েক হাজার মানুষ। গানের তালে তালে তারা একে অপরে নেচেগেয়ে উৎসব করতে থাকে। এসময় কারোর মধ্যে ছিলোনা স্বাস্থ্য সচেতনতা। অধিকাংশ মানুষের মুখেই ছিল না মাস্ক।


এদিকে করোনা পরিস্থিতির মধ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের বিধিনিষেধের কারণে এ বছর বসন্তবরণ অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে আগেভাগেই সবাইকে জানিয়ে দেয়া হয় কোনো ধরনের জনসমাগম করা যাবে না।

যেকারণে যশোরের কোনো সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসুচি নেয়া হয়নি। অথচ এমন পরিস্থিতির মধ্যে শহরের প্রাণকেন্দ্র পৌরপার্কে এ ধরনের বৃহৎ জনমাগম করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা খুবই দুঃখজনক। এটি অনেকটা প্রশাসনের ব্যর্থতা বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শহরে মাইকে প্রচার করা হয়েছে রক্তদানের কথা। অথচ সেখানে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বিষয়টি অবশ্যই প্রশাসনের খতিয়ে দেখা উচিৎ। একইভাবে ক্ষোভ প্রকাশ করেন উদীচী যশোরের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ নেওয়াজ। এ বিষয়ে যশোর রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের মূলত রক্তদান কর্মসুচি থাকলেও সেখানে কাকতালীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে। আমাদের একজন ডোনার মিল্টন তিনিই এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু সেখানে এতো বেশি মানুষের উপস্থিতি হবে তা আগে বুঝতে পারিনি। বিষয়টি ঠিক হয়নি বলেও তিনি দুঃখ প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যশোর পৌরপার্কে প্রতি শুক্রবার এভাবে মানুষের উপস্থিতি হয়। যেকারণে আমরা করোনা পরিস্থিতি যেহেতু একটু স্বাভাবিক হচ্ছে সেকারণে এ নিয়ে অতোটা বেশি ভাবতে পারিনি। তবে এখন বুঝতে পারছি বিষয়টি ঠিক হয়নি। এ বিষয়ে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি শারিরীকভাবে অসুস্থ থাকার কারণে ঢাকায় চিকিৎসার জন্য এসেছি। তবে করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধের বিষয়ে অবশ্যই সবাইকে গুরুত্ব দেয়া উচিৎ।