বিক্ষোভে উত্তাল শ্যামনগর, গাজী নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

0

সাতক্ষীরা সংবাদাতা, লোকসমাজ : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদের সদস্য ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে বুধবার (২২ জুলাই) শ্যামনগরে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।

শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে বের হওয়া মিছিলে বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মিছিল শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে আশেক ই এলাহী মুন্না বলেন, প্রথমে ছড়িয়ে পড়া ছবিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে একাধিক ভিডিও প্রকাশের পর এমপি নিজেই ফেসবুক পোস্টে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেন। এ ঘটনায় শ্যামনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বক্তারা বলেন, জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অবস্থান নেয়; তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, অভিযোগের বিষয়ে এমপি গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার প্রতিক্রিয়া মেলেনি। জামায়াত অফিসে গেলেও এমপি সংশ্লিষ্ট কোন কথা বলবেন না বলে নেতৃবৃন্দ সাফ জানিয়ে দেন।