বিএসএফের গুলিতে চাপাইনবাবগঞ্জে যুবক নিহত ও বেনাপোলে দুই জন আহত

0

লোকসমাজ ডেস্ক॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। অপরদিকে যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
চাপাইনবাবগঞ্জে নিহত সাইফুল গোমস্তাপুর উপজেলার আক্কেলপুর নগরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে। তবে এ বিষয়ের বিজিবি’র কোন বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের আওতাভুক্ত এলাকা রোকনপুর সীমান্তের ১১৯/৮৮ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ৭/৮ জন বাংলাদেশী ভারতের চকচকিয়া মাঠে ঢুকে। এ সময় ভারতের ১৫৯ ইটঘাটি বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাইফুলের মরদেহ ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত একজন পালিয়ে এসে রাজশাহীতে চিকিৎসা নিচ্ছেন।
গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, ঘটনাটি নিহত সাইফুল ইসলামের পরিবারের কাছ থেকে শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এদিকে এ ঘটনায় বিজিবিরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অপরদিকে যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম ও একই গ্রামের দীন ইসলামের ছেলে বাবু। তারা চোরাচালানী মালামাল আনতে ভারত সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারী অন্ধকার সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তাদের ওপর গুলিবর্ষণ করলে ডালিম ও বাবু নামে দুইজন গুলিবিদ্ধ হন। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এ সময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে শার্শা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।