বিএনপি নেত্রী মুন্নীকে গ্রেফতার করে দেওয়া প্রথম ছবি প্রত্যাহার র‌্যাবের, অনিন্দ্য ইসলাম অমিতের নিন্দা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীকে গ্রেফতার করেছে র‌্যাব। পুলিশের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব।
এদিকে সাবিরা সুলাতানা মুন্নীকে আটকের পর র‌্যাব সরবরাহকৃত ভিডিওচিত্রের নিন্দা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, এক জন রাজনীতিককে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে এমনভাবে ছবি প্রদর্শন মানবাধিকার লংঘন।
রোববার এক বার্তায় র‌্যাব যশোরের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১টা ৫০মিনিটে যশোর শহরের ঘোপ জেল রোডের একটি বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীকে গ্রেফতার করে র‌্যাব-৬, যশোর।
তিনি জানান, মুন্নী যশোরের ঝিকরগাছা থানায় ৩১ অক্টোবর দায়ের করা ২৭ নম্বর মামলার আসামি। তিনি (মুন্নী) ধারা-১৫(৩)/২৫উ দ্যা স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪; তৎসহ ৩/২/৫/৬ দ্যা এক্সপ্লোসিভ সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮ মামলার অন্যতম আসামি।
মামলার বিবরণ থেকে মেজর সাকিব জানান, ‘গত ৩১ অক্টোবর সাবিরা সুলতানা মুন্নীর নেতৃত্বে ৪০-৫০ জন দুস্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কৃত্তিপুর তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই অপরাধে মোসা. সাবিরা সুলতানা মুন্নির (৪৭) বিরুদ্ধে যশোর ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা রুজু হয়।’ তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরো ২ টি বিস্ফোরক মামলা রয়েছে বলে জানান র‌্যাব অধিনায়ক।
হোয়াটস অ্যাপে র‌্যাব যশোরের গ্রুপে সাংবাদিকদের দেয়া বার্তার সাথে একটি ভিডিও চিত্র দেয়া হয়। সেখানে দেখা যায় দুই নারী র‌্যাব সদস্যের মাঝে দন্ডায়মান সাবিরা সুলতানা মুন্নী।
উল্লিখিত চিত্রের নিন্দা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। যশোর বিএনপির মিডিয়া সেলের হোয়াটস অ্যাপ গ্রুপে এ নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটা কেমন কথা, সাবিরা নাজমুল মুন্নী কি দাগী আসামি নাকি মাদক ব্যবসায়ী ?!’
তিনি আরও বলেন, ‘সম্মানিত মানুষকে অসম্মান করার এক অদ্ভুুত সংস্কৃতি চালু করেছে আ.লীগ’।
এক জন রাজনীতিকের ছবি এভাবে দেয়া যায় কিনা জানতে চাইলে র‌্যাব যশোরের অধিনায়ক মুঠোফোনে বলেন, তিনি বিষয়টি দেখছেন। এরপর হোয়াটস অ্যাপে জানান, ‘ছবিটা ভুলে গিয়েছিল গ্রুপে’।
পরে আবার ওই ছবিটি ব্যবহার না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করে বার্তা পাঠান র‌্যাব যশোরের অধিনায়ক।
সাবিরা সুলতানা মুন্নীর স্বামী প্রয়াত নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০১১ সালের ১৪ ডিসেম্বর দিবাগত রাতে তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে অপহরণের শিকার হন এবং পরদিন ১৫ ডিসেম্বর তার মরদেহ উদ্ধার হয় গাজীপুরের শালনা থেকে।