সোহেল,হেলাল,সপু,নীরব,টুকুসহ নেতৃবৃন্দকে কারাদণ্ড প্রদানে অনিন্দ্য ইসলাম অমিতের উদ্বেগ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিা যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের ১৩৬ নেতাকর্মীকে কারাদণ্ড প্রদানের ঘটনায় বিবৃতি দিয়েছেন, দলের ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এক বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সোমবার ঢাকার দুটি নিম্ন আদালতে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ ১৩৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে। ৮ বছর আগে সরকারের দায়ের করা মামলায় ফরমায়েশি রায় প্রদানের ঘটনা নিন্দনীয়। মামলার বিবরণে দেখা গেছে, সবগুলো মামলা পুলিশ বাদি হয়ে দায়ের করা হয়েছে। স্বাক্ষীদের অধিকাংশ আদালতে সাক্ষ্য দেননি। তা সত্ত্বেও বিএনপি নেতাদের কারাদণ্ড দেয়া হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা মনে করি এই রায় চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করা এবং নেতাকর্মীদের ওপর মানসিক চাপ প্রয়োগের জন্যে সরকারের নির্দেশে দেয়া হয়েছে। এর মাধ্যমে সরকার তার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে চায়। বিনাভোটে আবারও ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে অসৎ উদ্দেশ্য জনগণ সফল হতে দেবে না। তিনি বলেন, দেশে যে উগ্র একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চেপে বসেছে জনগণ এর থেকে মুক্তি চায়। তারা তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।সরকার বিএনপিকেই তাদের সে আকাঙ্খা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা মনে করে। তাই তারা হামলা -মামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে নেমেছে। কিন্তু তাদের সে দূরভিসন্ধি দেশপ্রেমিক জনগণ কোনদিন সফল হতে দেবে না।
তিনি দেশবাসীকে সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চলমান আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাওয়ার আহবান জানান।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়া ইমরান প্রমুখ।