বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের মৃত্যু #অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও কাশিমপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১১টায় তিনি কাশিমপুর গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতা মোখলেছুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে রোববার ভোরে তার বাসভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। তিনি মরহুমের শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, একে শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ। এছাড়াও মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে স্বজনদের খোঁজ খবর নেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাদযোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম। শোক বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।