বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব জামিনে মুক্ত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব জামিনে মুক্ত হয়েছেন। দীর্ঘ ৪ মাস কারাভোগ শেষে শুক্রবার বিকেল ৪ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিনের পর দলীয় নেতাকর্মীরা তাকে কারা ফটকে ফুলের শুভেচ্ছা জানান।
জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকা অবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিবসে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও পতিত আওয়ামী লীগ সরকারের সাজানো আদালতের বিচারক তাকে জামিন দিতে অস্বীকৃতি জানায়।
সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানির পর বিচারক জামিন মঞ্জুর করেন। এরপর যাবতীয় প্রক্রিয়া শেষে শুক্রবার কারাগার থেকে মুক্ত হন।
তিনি আরও বলেন, একটি সফল ছাত্র-জনতার গণঅভুত্থানের পর স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
এদিকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব জামিনে মুক্ত হওয়ার খবর বাঘারপাড়ায় পৌঁছালে উপজেলা ও পৌর বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা বাঘারপাড়ায় আনন্দ মিছিল বের করেন।