বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0

মাসুদ রানা বাবু ॥ আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী। সংগ্রাম ঐতিহ্য গৌরবের মধ্য দিয়ে দলটি তার প্রতিষ্ঠার ৪৫ বছর পূরণ করে ৪৬ বছরে পদার্পণ করলো। মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের সর্বাধিনায়ক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে ঢাকার তৎকালীন রমনা রেস্টুরেন্টে দলটির বীজ বপণ করেন। হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই উৎরায় পেরিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দলটির শাখা-প্রশাখা বিস্তৃত হয়েছে বাংলাদেশের আনাচে-কানাচে, বিশ্বের নানা প্রান্তে।
আজ বিএনপি যখন তার ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ঠিক তখন প্রতিনিয়ত দলটিকে নিয়ে রাজনৈতিক নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে শাসক গোষ্ঠীর। ১/১১-র ফখরুদ্দিন-মইনুদ্দিনের অসাংবিধানিক সরকার বিএনপিকে নিশ্চিন্ন করার যে ষড়যন্ত্র করেছিল বর্তমান শাসক গোষ্ঠীও বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে আইন আদালতকে ব্যবহার করে দলটির চেয়ারপার্সন দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের ফরমায়েশি রায়ের মাধ্যমে দীর্ঘ ২৫ মাস কারারুদ্ধ করে রাখে। পরে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও বিধিনিষেধের বেড়াজালে তাকে আবদ্ধ করে রাখা হয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। তারপরও গণতন্ত্রের এ নেত্রীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে বিএনপির অভিযোগ। কারণ তার চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকগণ দীর্ঘদিন ধরে বলে আসছেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়।
২০১৮ সালে দলটির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তারেক রহমান দলকে গণতান্ত্রিক পন্থায় পুনর্গঠিত করে সর্বস্তরে শক্তিশালী ও আন্দোলনমুখী করার উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ চলছে পুরোদমে। সেই সঙ্গে তার নেতৃত্বে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সরকার বিরোধী জোরালো আন্দোলন অব্যাহত রয়েছে। তারেক রহমানের নিরলস প্রচেষ্টা ও দিক-নির্দেশনায় দলের সর্বস্তরে গতিশীলতা ফিরেছে। তিনি প্রতিদিনই বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করছেন, দিক-নির্দেশনা দিচ্ছেন। প্রতি সপ্তাহে দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হচ্ছে। সেখানে দেশের সর্বশেষ পরিস্থিতি ও দলীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত ও প্রস্তাবনা গৃহীত হচ্ছে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারকে বাধ্য করতে কার্যকর এক দফার আন্দোলন গড়ে তোলা হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারে দাবিসহ আগের ১০ দফাকে একীভূত করে এক দফা আন্দোলন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। গেল ১২ জুলাই ঢাকায় বিএনপির ঐতিহাসিক সমাবেশ থেকে যেটি ঘোষণা করা হয়। তারেক রহমানের ঘোষিত ঐতিহাসিক যুগপৎ এক দফার আন্দোলনে সমমনা রাজনৈতিক দলসহ দেশের জনগণ অকুণ্ঠ সমর্থন করেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ে এক দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেইসব কর্মসূচিতে জনতার উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয়। নিকট অতীত যে কোন সময়ের চেয়ে তা স্মরণীয়। তারেক রহমান ছাত্র-তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ বাঁচাতে সকল বিভাগীয় শহরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে দিয়ে তারুণ্যের সমাবেশ করিয়েছেন। এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ‘ভিশন-২০৩০’ র আলোকে রাষ্ট্র মেরামতে ২৭ টি রূপরেখা ঘোষণা করেন।
কিন্তু জনতার আন্দোলন থেকে সরিয়ে রাখতে ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে শাসক গোষ্ঠী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রতি মুহূর্তে ষড়যন্ত্রে লিপ্ত । যে মুহূর্তে তিনি জনগণের বাংলাদেশ গঠনে দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে যুগপৎ আন্দোলনের নেতৃত্ব¡ দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে সস্ত্রীক তাকে একটি সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে। আবার আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারে বাধা দেয়া হচ্ছে।
আজ এমন এক সময়ে দলটি প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী পালন করছে যখন দলটির জনপ্রিয় নেতা চৌধুরী আলম,এম ইলিয়াস আলীর মত ৬ শতাধিক নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন। সরকারের এক যুগের অধিক সময় ধরে নির্যাতনের কারণে দলটি ৫ হাজারের অধিক নেতা-কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। প্রায় ৪০লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। দলের অগণিত নেতা-কর্মীকে পোশাকি-অপোশাকি ঘাতকের গুলিতে প্রাণ দিতে হয়েছে। যে দলের নেতা-কর্মীদের দিনের কাজ শুরু হয় আদালতে বিভিন্ন মিথ্যা মামলায় হাজিরা দেয়ার মধ্য দিয়ে। তবুও থেমে থাকেনি বিএনপি’র অগ্রযাত্রা।
বর্তমানে গণতন্ত্র, আইনের শাসন এবং মৌলিক অধিকার হরণের মাধ্যমে রাজনীতির পথকেই সংকুচিত করে দেয়া হয়েছে। কিন্তু ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর ফেলে আসা ৪৫ টি বছরে সংগ্রাম, জনপ্রিয়তা আর চড়াই-উৎরাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর উন্নয়ন-উৎপাদনের আধুনিক রাজনীতিকে মূল প্রতিপাদ্য করে ১৯ দফা কর্মসূচির আলোকে মাত্র পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৭টি আসন লাভ করে। এ দলের সমর্থকরা বিশ্বাস করেন তার আত্মপরিচয় সে কেবল ‘বাঙালি নয়’, ‘বাংলাদেশি’। এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ঘাতকের বুলেটে নিহত হন। এরপর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। তার নেতৃত্বে নব্বই দশকে স্বৈরাচার এরশাদের পতন ঘটে। ৯১ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার দল নিরঙ্কুশ জয়লাভ করে। তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। এরপর তিনি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে তুলে ধরেন।
দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন । একই সাথে তিনি পাঁচটি আসনে সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন। সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে।
দেশের সকল সংকটে দলটির নেতাকর্মীরা সর্ব প্রথমে জনগণের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে গেল ২০২০ সালের করোনা মহামারিতে দলটির নেতাকর্মীরা জনগণের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়েছেন। গেল বছর সিলেটে শতাব্দির ভয়নায়ক বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সাহায্য-সহযোগিতা নিয়ে। আবারও সোনালী ধানের শীষে ফুটবে নতুন আশার আলো- প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে এমনই প্রত্যয় দলটির নেতাকর্মীদের।
এদিকে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের মত বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নেতা-কর্মীরা নানা কর্মসূচি পালন করবেন।