বাবার শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

0
ইসরায়েলি গুপ্তহত্যার হুমকির মুখে থাকা ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি।। ফাইল ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন না তাঁর ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। গতকাল বৃহস্পতিবার ভারতে নিযুক্ত ইরানের এক কূটনৈতিক প্রতিনিধি আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রতিনিধি জানান, বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যা করা হবে বলে ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। মূলত এই চরম নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনা করেই তিনি বাবার শেষবিদায়ের আনুষ্ঠানিকতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন শুরুর প্রথম দিনেই নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত মার্চ মাসে তাঁর দাফন সম্পন্ন করার পরিকল্পনা করা হলেও ইরান যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় সেই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল।

আজ শুক্রবার থেকে ইরানে রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যা আগামী সাত দিন ধরে চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB) তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা প্রয়াত নেতার এই ঐতিহাসিক জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই মাশহাদ নগরীতে আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করা হবে।

এদিকে খামেনির শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর ভাষায় হুঁশিয়ার করেছে ইরানের সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেন, “আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে মার্কিন প্রশাসন ও জায়নবাদী ইসরায়েল সরকারকে কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ না করার জন্য সতর্ক করছি। আমাদের দেশের ওপর যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনী যে কঠোর ও বিধ্বংসী প্রতিশোধ নেবে, সেটি তাদের মাথায় রাখা উচিত।”