বাড্ডায় দুই রাউন্ড গুলিবর্ষণ, তবে সেটি এনসিপির কার্যালয়ে নয়: পুলিশ

0
আবাসন কোম্পানির অফিস লক্ষ্য করে বাড্ডায় গুলি; নির্বাচনী ক্যাম্পের খবরটি সত্য নয় ।। ছবি: প্রতীকী
লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর বাড্ডায় গত মঙ্গলবার রাতে দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনাটি কোনো রাজনৈতিক দলের কার্যালয় বা নির্বাচনী ক্যাম্পে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এনসিপি প্রার্থীর নির্বাচনী অফিসে গুলি’ শীর্ষক খবরটি ছড়িয়ে পড়লে পুলিশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উভয়েই এর স্পষ্টীকরণ দেয়।

বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, উত্তর বাড্ডায় মূলত একটি আবাসন কোম্পানির কার্যালয় লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি সাংগঠনিক অফিস ছিল। তবে বর্তমানে সেই অফিসটি আফতাবনগরে স্থানান্তরিত হয়েছে। ফলে এটিকে কোনোভাবেই নির্বাচনী অফিসে হামলা হিসেবে গণ্য করার সুযোগ নেই।

এদিকে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় জানান, গুলির ঘটনাটি ৩৮ নম্বর ওয়ার্ডের এনসিপি অফিসের পাশে ঘটলেও তা দলীয় বা নির্বাচনী কার্যালয় নয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও মনে করছে দলটি। মূলত ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতার জেরে আবাসন কোম্পানিকে ভয় দেখাতেই এই ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।