বাজেট বাস্তবায়নে তিনটি ‘বড় বাধা’ দেখছে জামায়াত

0
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজেট বাস্তবায়নে তিনটি বড় বাধার কথা তুলে ধরছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।। ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে তিনটি ‘বড় বাধা’ চিহ্নিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই বাধাগুলো তুলে ধরেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। সেই বাজেট সম্পর্কে জামায়াতের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিন বাধার বিস্তারিত

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথম বড় বাধা হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। সরকার ক্ষমতায় আসার পর গত তিন মাসে গ্যাস ও জ্বালানির দাম দফায় দফায় বাড়ানো হয়েছে এবং বিদ্যুতের দামও বেড়েছে।

দ্বিতীয় বাধা হিসেবে তিনি লাগামহীন উচ্চ মূল্যস্ফীতির কথা উল্লেখ করেন। তৃতীয় বাধা হিসেবে চিহ্নিত করেন বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তাকে।

এই তিনটি বাধার কারণে বাজেট বাস্তবায়নসহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য ‘খুব কঠিন’ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।