বাঘের হামলায় মৌয়ালের মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের হামলায় মন্টু গাজী (৫২) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। পরিবার ও ফিরে আসা সহযোগীদের কাছ থেকে এ খবর জানা গেছে।  বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে গহিন সুন্দরবনে তালপট্টি সংলগ্ন চরের খাল নামক স্থানে ওই মৌয়াল বাঘের হামলার শিকার হন বলে তাদের দাবি। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুত আলী গাজীর ছেলে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের জন্যে পদক্ষেপ নেয়া হয়নি বলে সংশ্লিষ্ট বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত মন্টু গাজীর সহযোগী নজরুল কয়াল জানান, গত ১লা এপ্রিল বুড়িগোয়ালিনী বন-স্টেশন হতে রুহুল আমিন মালির নামে পাস নিয়ে ১০জন মৌয়াল মধু সংগ্রহের জন্যে সুন্দরবনে প্রবেশ করেন। বনবিধি উপেক্ষা করে গত ১৯ এপ্রিল বুধবার তারা ভারতের সীমানায় প্রবেশ করে ট্রলার গাং নামক স্থানে মধু আহরণ করতে থাকেন। এক পর্যায়ে ভারতীয় বনরক্ষীদের ধাওয়ায় মালামাল ফেলে তারা সুন্দরবনে লুকিয়ে পড়েন। পরবর্তীতে অবস্থা বুঝে গেওয়া কাঠের ভেলা তৈরি করে রাতেই ছায়া নদী পেরিয়ে বাংলাদেশ সীমান্তে চলে আসেন এবং তালপট্টি সংলগ্ন চরের খাল নামক স্থানে অবস্থান করাকালীন বাঘের হামলার শিকার হন মন্টু গাজী।
এ ঘটনায় মন্টু গাজীকে বাঘে ধরে বনে নিয়ে যায়। অনাহারে দুইদিন সুন্দরবনে গাছে অবস্থান করার পরে জেলেদের একটি নৌকা যোগে গত শনিবার সবাই বাড়িতে ফিরে আসেন।
মন্টুর স্ত্রী ছফিরুন্নেছা জানান, ফিরে আসা সহযোগীদের কাছে জানতে পারেন তার স্বামীকে বাঘে নিয়ে গেছে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিনি দিশেহারা।
বুড়িগোয়ালিনী বন-স্টেশন অফিসার নূর আলম জানান, লোকমুখে মন্টু গাজী বাঘের হামলায় নিহত হয়েছেন এ খবর শুনেছি। তবে ওই মৌয়ালদের কোন বৈধ পাস না থাকায় মরাদেহ উদ্ধারের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, লোকমুখে মন্টু গাজী বাঘের হামলায় নিহত হওয়ার খবর শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।