বাঘারপাড়ায় বৃদ্ধ কর্তৃক ধর্ষিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় ৬৫ বছরের এক বৃদ্ধ ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী যশোর ২৫০ শয্যা হাসপাতালে গতকাল ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ধর্ষক আবু জাফর মোল্যাকে গ্রেফতার করেছে। আবু জাফর মোল্যার বাড়ি বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামে। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, আবু জাফর মোল্যা একই গ্রামে তার শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকেন। ৫/৬টি বিয়ে করার পর তার সাথে সকলের ছাড়াছাড়ি হয়ে যায়। বর্তমানে একাকী নিজ গ্রামে শ্বশুরবাড়ি ঠাঁই হয় তার। শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় গত ৪ এপ্রিল রাত অনুমান সাড়ে ১১টার দিকে ওই কিশোরীর ঘরের ভেতর প্রবেশ করে তাকে ধর্ষণ করে বৃদ্ধ আবু জাফর মোল্যা। ওই কিশোরী তার আপন শ্যালিকা।
এলাকাবাসী জানিয়েছেন, ধর্ষিত হওয়ার পর কিশোরীর অভিভাবকরা বাঘারপাড়া থানায় মামলা করার প্রস্তুতি নেন। তখন স্থানীয় এক রাজনৈতিক নেতা প্রভাব সৃষ্টি করে থানায় মামলা করা থেকে বিরত রাখেন এবং মীমাংসা করার চেষ্টা চালান। পুলিশও এ ঘটনায় নীরব থাকেন। পরে ধর্ষিতার পরিবার মানবাধিকার সংগঠন রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের স্মরণাপন্ন হন। বিনয় কৃষ্ণ মল্লিক জানিয়েছেন, তিনি যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদারকে ঘটনাটি অবহিত করেন। তখন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শিকদারের নির্দেশে পুলিশ গত ৯ এপ্রিল বাঘারপাড়া থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-২। এরপর পুলিশ ধর্ষক আবু জাফর মোল্লাকে গ্রেফতার করেন এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। গতকাল হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।