ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আসামির ১ দিনেই জামিন

0
ঝিনাইদহের মহেশপুরে বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় অভিযুক্ত আসামি রুহুল আমিন গ্রেপ্তারের পরদিনই আদালত থেকে জামিন পেয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা ও বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মামলার বাদী।। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুরে বিএনপির পার্টি অফিস পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিনের মধ্যেই রুহুল আমীন নামে এক আসামি জামিন পেয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া রুহুল আমীন মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের হনিফপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির পার্টি অফিস পোড়ানোর অভিযোগে মহেশপুর থানায় মামলা নম্বর-১৬ দায়ের করা হয়। মামলাটি জিআর মামলা নম্বর ৯৪/২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে। এতে দণ্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই টিপু জানান, মামলার অভিযোগের ভিত্তিতে রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি বলেন, পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। আসামিকে একদিনের মধ্যে জামিন দেওয়া হবে কি না, সেটি আদালতের বিষয়। তবে পুলিশের বিবেচনায় মামলায় দেওয়া ধারাগুলো জামিনযোগ্য নয়। জামিনের বিষয়টি আদালতের।

মামলার বাদী যুবদলকর্মী হামিদুর ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর পর আসামি গ্রেপ্তার হওয়ার একদিনের মধ্যেই জামিন দেওয়া হয়েছে। বিষয়টি হতাশাজনক। মামলার ধারাগুলো অনুযায়ী আসামির জামিনযোগ্য নয় বলে আমরা মনে করি। এভাবে জামিন দেওয়া আমাদের নিরাপত্তার জন্য হুমকি।

তবে মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আদালত কী কারণে আসামির জামিন মঞ্জুর করেছেন, সে বিষয়ে বিস্তারিত আদেশের তথ্য পাওয়া যায়নি। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।