বাঘারপাড়ায় গরু চুরির হিড়িক

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়া উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে। গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুল ওহাব ও একই গ্রামের হাসান আলীর বিভিন্ন দামের ও বয়সের চারটি গরু চুরি হয়। পরের দিন বিভিন্ন গরুর হাট এবং গ্রামে অনুসন্ধান করে না পেয়ে  শনিবার (২৪ জুন) বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন কামাল উদ্দিনের ছেলে আব্দুল ওহাব।
আব্দুল ওহাব বলেন,‘বৃহস্পতিবার রাত ১২টার সময় গরুগুলোকে খেতে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত চারটার সময় ঘুম ভেঙে গেলে গোয়াল ঘরে গিয়ে দেখি দড়ি খুলে আমার সবগুলো (৩টি) গরু চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে একটি গাভী, একটি বকনা বাছুর ও একটি এড়ে বাছুর। এগুলোর দাম আনুমানিক ৭৫হাজার, ৫৫হাজার ও ৪০হাজার টাকা। আগামী বছরের কোরবানির জন্য এড়েটাকে প্রস্তুত করছিলাম। তিনি আরও বলেন, ঐ রাতেই পরিবারের সবাই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। না পেয়ে পরের দিন যশোরের চৌগাছা, ঝিনাইদহের কালিগঞ্জ ও নড়াইলের মাইজপাড়ার গরুর হাটে খোঁজ নিই। এছাড়াও আমাদের আশেপাশের অনেক গ্রামে গরুগুলোর সন্ধান করি। কোথাও না পেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এছাড়া একই রাতে একই গ্রামের আহাদ আলীর ছেলে হাসান আলীরও একমাত্র এড়ে গরুটি চুরি হয়। গরুটির আনুমানিক মূল্য ছিলো ৬০হাজার টাকা। তিনিও আগামী বছরের জন্য গরুটি প্রস্তুত করছিলেন।
বাঘারপাড়া থানার ওসি শাহাদত হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এদের চিহ্নিত করতে ও ধরতে অভিযান অব্যাহত আছে। এছাড়াও গরুর খামারীদের বিষয়ে তিনি বলেন, পুলিশ সারা রাত রাস্তায় টহল দিচ্ছেন। পাশাপাশি গরুর মালিকদেরও রাত জেগে সামনের কয়েকটা দিন পাহারা দিতে হবে’।