পাইকগাছায় গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

0
ছবি: সংগৃহীত।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় পৃথক ঘটনায় হরিণের মাংস ও গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯ টার দিকে চা বিক্রেতা আব্দুস সবুর সরদারকে (৬০) আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়াও একই রাতে কপিলমুনি বাজার মোটরসাইকেলস্ট্যান্ড থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার সালবরাত গ্রামের ইলিয়াস মোল্লাকে ৯ কেজি হরিণের মাংসসহ আটক করে পুলিশ।

এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ওই রাতেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাঁজাসহ আটক আব্দুস সবুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদল্ড ও ১শ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে হরিণের মাংসসহ আটক ইলিয়াস মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।