বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২ জুন) ভোরে দিঘির পূর্ব পাশে বালি তোলার স্থান থেকে মরদেহটি উদ্ধার করেন মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নিয়ে যাওয়া সাত বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে দিঘির পূর্ব পাশে বালি তোলার স্থান থেকে মরদেহটি উদ্ধার করেন মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারসংলগ্ন দিঘির পূর্ব পাশের নারী ঘাটে গোসল করতে নামলে ফাতেমা আক্তার (৭) নামে শিশুটিকে মাজারে থাকা কুমিরটি টেনে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে কুমির টেনে নেওয়ার পরপরই চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের টানে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের টানে নিখোঁজ শিশুর মানসিক ভারসাম্যহীন মা- লোকসমাজ

জানা গেছে, ফাতেমা আক্তার মাজার এলাকায় ভবঘুরে হিসেবে বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। তার পরিবারের বিষয়ে এর বেশি তথ্য জানাতে পারেনি মাজার কর্তৃপক্ষ বা পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে ঘাটে অনেক মানুষের উপস্থিতি ছিল। শিশুটি গোসল করতে নামার কিছুক্ষণের মধ্যেই কুমিরটি তাকে টেনে নিয়ে যায়। উপস্থিত লোকজন চিৎকার করলেও আতঙ্কে কেউ পানিতে নামার সাহস করেননি।

ঘাটসংলগ্ন এক দোকানি বিনা জানান, উদ্ধার হওয়া মরদেহে শরীরের বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহটি মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাফনসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”