স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিনে নবজাতকের মরদেহ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেসিন থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের সামনে হাতধোয়ার জন্যে নির্মিত বেসিন থেকে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই ছেলে নবজাতকটিকে উদ্ধার করে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ বলেন, বেসিন পরিষ্কার করার সময় পরিছন্নতা কর্মীরা নবজাতকটিকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে। নবজাতকটির আকার ও আকৃতি দেখে মনে হয় ২০ থেকে ২৫ সপ্তাহের হতে পারে। কেউ হয়ত ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করে এখানে ফেলে রেখে গেছেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের ময়নাদতন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নবজাতকের মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানান এই কর্মকর্তা।