বাগেরহাটে ধান চুরি মামলায় যশোরের ট্রাক চালক আটক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাট থেকে আড়াই বছর আগে প্রতারণা করে ধান নিয়ে পালিয়ে যাওয়া সেই ট্রাকসহ মালিককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট। মঙ্গলবার ভোরে যশোরের খড়কির জিন্নাত আলীর ছেলে ট্রাক মালিক চান্দ আলী ওরফে প্রকাশ চান্দুকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে যশোর পুলিশ লাইনে রাখা হয়। এ ঘটনায় বাগেরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই ট্রাকের চালক মোবাশে^র মল্লিক।
বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্তকারী কর্মকর্তা মনজুরুল হাসান মাসুদ বলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের ধান-চাল ব্যবসায়ী আবুল খায়ের শেখ মুন্সিগঞ্জে ধান নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করেন। ২০১৭ সালের ২৬ এপ্রিল বিকালে ভাড়াটিয়া ট্রাকচালক রনি শেখ ২৫০ বস্তা ধান ট্রাকে ভর্তি করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। এরপর থেকে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরের দিন ব্যবসায়ী আবুল খায়ের শেখ মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন। ধানের কোন হদিস না পওয়ায় থানা পুলিশ ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। এরপর বাদী আদালতে নারাজি দিলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর তদন্তভার দেন। তিনি আরও বলেন, আমরা তদন্ত করে প্রথমে ট্রাকের হেলপার সুজনকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে গাজীপুর জেলার শ্রীপুর থানার একটি মামলায় জেলে থাকা ট্রাকচালক মোবাশে^র মল্লিককে আদালতের মাধ্যমে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করি। ট্রাকচালক মোবাশে^র মল্লিকের স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোরে মূল হোতা ট্রাকমালিক চান্দ আলী ওরফে প্রকাশ চান্দুকে গ্রেফতার করি। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ১৩ টির মত মামলা রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে ট্রাকের চালক মোবাশে^র মল্লিক বাগেরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।