বাগেরহাটে দুই তরুণীকে ধর্ষণ অভিযোগে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের দুই তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মো. শাকিল সরদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করে পুলিশ। এর আগে নির্যাতিত ২১ বছর বয়সী এক তরুণী বাদি হয়ে ফকিরহাট থানায় দুইজনকে আসামি করে মামলা করেন। অপর আসামি মেহেদী হাসান (২০) পলাতক। গ্রেফতার শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। তিনি ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অন্য আসামি মেহেদী হাসান একই এলাকার অধিবাসী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শনিবার বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও তার বন্ধুর সাথে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে যান। পরে সেখান থেকে রাত ১১টার দিকে খানজাহান আলী মাজারে ঘুরতে যান। আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে খুলনার দিকে রওনা দেন তারা। পরে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল সরদার এক তরুণীর ওড়না টেনে ধরেন। এতে ওই তরুণী ও তার বন্ধু রাস্তার ওপর পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও তরুণী মোটরসাইকেল থেকে নেমে যান। মোটরসাইকেলের তরুণ-তরুণীরা কোন কিছু জানতে চাওয়ার আগেই শাকিল ও মেহেদী তাদেরকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে শাকিল ও মেহেদী ওই তরুণীদের পাশের স্বপন দেবেনাথের চায়ের দোকানের ভেতরে নিয়ে যান। একজনকে চায়ের দোকানের বেঞ্চের ওপর এবং অন্যজনকে পাশের প্রশান্ত ব্যানার্জীর দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ধর্ষণকারীরা দুই তরুণী ও তরুণকে পাশের জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যান। সেখানে আবারও ধর্ষণ করা হয় তাদের। এক পর্যায়ে তরুণীদের সাথে থাকা এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হন। শাকিল ও মেহেদী তরুণ-তরুণীদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেন। ঘটনার কথা কাউকে না বলার জন্যে হুমকি-ধামকি দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন।
এর মধ্যে আগে পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরবর্তীতে রোববার বাড়ি থেকে তরুণীদের উদ্ধার করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার তুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুই জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাকিল সরদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার শেষে শাকিল সরদারকে আদালতের সোপর্দের প্রস্তুতি চলছে। অপর আসামি মেহেদী হাসানকে গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস বলেন, ছাত্রলীগ নেতা শাকিল সরদার ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছেন এমন খবরের পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।