বাগেরহাটে চাকরি বহালের দাবিতে হাসপাতালের গেটে তালা লাগিয়ে আউটসোসির্ং কর্মচারীদের অবস্থান ধর্মঘট

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটে ২৫০ শয্যা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা তাদের চাকরি বহাল রাখার দাবিতে ধর্মঘট শুরু করেছেন। বুধবার সকাল থেকে তারা প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে করিডোরে অবস্থান নেন।

এ সময় বিক্ষুব্ধ কর্মচারীরা ঠিকাদারকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবস্থানকারীদের দাবি, দুই বছর ধরে তারা সরকারি সকল নিয়মকানুন মেনে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নবনিয়ুক্ত ঠিকাদার এইচ আর ডি অ্যান্ড ই এজেন্সির স্বত্বাধিকারী সাইদুর রহমান অজানা কারণে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দিয়েছেন।

চাকরি ফিরে পেতে ৬৪ জন কর্মচারী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদনও করেছেন। চাকরিতে বহাল না করলে, আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আউটসোর্সিং কর্মচারীরা।

এদিকে নতুন নিযুক্ত কর্মচারীরা হাসপাতালে যোগদান করতে আসলে, হট্টগোল হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সৌরভ কুমার মণ্ডল ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কিন্তু সম্প্রতি এইচ আর ডি অ্যান্ড ই এজেন্সি নামের নতুন ঠিকাদার নিয়োগ হওয়ার পর থেকে আমাদেরকে বাদ দিয়ে নতুন কর্মচারী নেওয়ার পাঁয়তারা করছে। কিন্তু সরকারি নীতিমালা রয়েছে, আউটসোর্সিং কর্মচারীরা কোনো অপরাধ না করলে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। এরপরও নতুন ঠিকাদার আমাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে নতুন কর্মচারী নিয়োগের চেষ্টা করছে। আমরা চাই, আমরা যারা দীর্ঘদিন কাজ করছি, আমাদের চাকরি বহাল থাকুক।

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি আল আমিন বলেন, আমাদের নিয়োগ দুই বছরের মত হলেও, এখানে অনেক কর্মচারী আছে যিনি ১০ বছরের বেশি সময় ধরে হাসপাতালে সেবা দিচ্ছেন। অনেকে আরও বেশি সময় ধরে সেবা দিচ্ছে। দীর্ঘদিন নামমাত্র বেতন এমনকি বিনা বেতনে সেবা দিতে দিতে দক্ষ এসব কর্মচারীদের ওপর হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা গ্রহিতারা অনেক খুশি তারপরও আমাদের
নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের চাওয়া একটাই, আমাদের চাকরিবহাল চাই। ২০২৪ সালের ১৩জুন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিং কর্মচারী যোগদান করেন। যোগদানের সময় তাদের কাজের মেয়াদ ছিল ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, পুরোনো কর্মচারীরা আদলতের শরণাপন্ন হয়েছেন, আদালত যে আদেশ দিবে আমরা তা বাস্তবায়ন করব। সবাইকে আপতত ধৈর্যধারণ করতে বলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ আর ডি অ্যান্ড ই এজেন্সির স্বত্বাধিকারী সাইদুর রহমানকে মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।