বাগেরহাটে ঈদের প্রধান জামাত হবে ষাটগম্বুজ মসজিদে

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের ঈদুল ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের আধিক্যের কারণে এই মসজিদে এবারও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিতহবে সকাল ৭টা ৪৫ মিনিটে, ৩য় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদ-উল-আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন বাগেরহাট শহরের সিঙ্গাইর জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত থাকবে।
এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদ, আলীয়া মাদরাসা, হরিণখানা জামে মসজিদসহ বাগেরহাট শহরের বেশিরভাগ মসজিদে ঈদ-উল-আযহার জামাত ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকার পাশাপাশি আরবি ও বাংলা হরফে লেখা ঈদ মোবারক খচিত পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে ঈদ মোবারক লিখিত প্লাকার্ড ও ব্যানার স্থাপন করবে স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু সদন, হাসপাতাল ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হবে। বিশেষ বিশেষ সরকারি ভবনে আলোকসজ্জাও করা হবে। এ সবের পাশাপাশি ঈদের জামাত শেষে দেশের শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে মোট দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। ইদের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে ।