বাগআঁচড়ায় সওজের গাছ কেটে নেওয়ার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার বাগআঁচড়া পাঁচপুকুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা থেকে আনুমানিক ৫ লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ৪০-৪৫ বছরের পুরোনো মেহগনি গাছগুলো মেহরাব ট্রেডার্স নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান কেটে নেয় বলে অভিযোগ।

মঙ্গলবার দুপুরে গাছ কাটার ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা বাধা দেন।

সূত্র জানায়, মহাসড়কের পাশে সওজের মালিকানাধীন জমিতে দীর্ঘ চার দশক ধরে দাঁড়িয়ে ছিল বিশাল আকৃতির মেহগনি গাছগুলো। মঙ্গলবার দুপুরে মেহরাব ট্রেডার্সের কর্মীরা আকস্মিকভাবে করাত দিয়ে গাছগুলো কাটতে শুরু করেন। তখন স্থানীয়রা একজোট হয়ে বাধা দেন।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দাবি করেন, তারা সরকারি নিয়ম মেনে ও অনুমতি নিয়েই গাছ কাটছেন। তাদের মোট ৪২টি গাছ কাটার অনুমোদন রয়েছে। তবে সরেজমিনে দেখা যায়, উল্লেখিত স্থানটিতে ৪২টি গাছের কোনো অস্তিত্বই নেই।

ছবি: সংগৃহীত।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান অভিযোগ করেন, বনবিভাগের অনুমোদনপত্রের দোহাই দিয়ে সওজের সম্পদ আত্মসাতের অপচেষ্টা চালানো হচ্ছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেহরাব ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে টেন্ডার হলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। সম্প্রতি নতুন করে গাছ কাটা শুরু হয়েছে। দরপত্রের তালিকার বাইরের কোনো গাছ কাটা হচ্ছে না।

শার্শা উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের ইনচার্জ ইউনুস আলী গাছ কাটার বিষয়টি অস্বীকার করে জানান, তারা ওই গাছ কাটেননি।

যশোর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফুজ্জামান মঞ্জু বলেন, ২০২৪ সালে টেন্ডার হলে আমরা গাছ কাটা বন্ধ করে দিয়েছিলাম। নতুন করে গাছ কেটে নেওয়া হয়েছে জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়ে সত্যতা পাওয়া গেছে।