বাংলাদেশের প্রথম ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ অর্জন করলেন যশোরের হামিদুল হক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাব অর্জন করেছেন যশোরের শিক্ষাবিদ, সোশ্যাল সাইকোলজিস্ট ও মাইন্ড প্রোগ্রামার মো. হামিদুল হক। তাঁর এ আন্তর্জাতিক অর্জন উপলক্ষে শনিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে ‘মন ও মস্তিষ্কের উৎকর্ষে মাইন্ড প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. হামিদুল হক সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং আইডিইএ এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দক্ষতা ও মানসিক বিকাশে কাজ করে আসছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুইবারের মেমোরি চ্যাম্পিয়ন রন হোয়াইটের তত্ত্বাবধানে প্রায় দুই বছরের প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইৎধরহ অঃযষবঃব অপধফবসু থেকে তিনি ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ স্বীকৃতি অর্জন করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে হামিদুল হক বলেন, মাইন্ড প্রোগ্রামিং মানুষের চিন্তা, অভ্যাস ও মানসিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে মনোযোগ, স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস ও উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক অতিথি বক্তা ড. ফ্রোডে ভ্যান ডার লাক বলেন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে মানুষের সবচেয়ে বড় শক্তি হবে তার চিন্তাশক্তি ও শেখার সক্ষমতা। তাই মস্তিষ্কের কার্যকর ব্যবহার ও মানসিক বিকাশের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব, এস. আনোয়ার হোসেন, মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন খাতের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রফেসর ড. খ. ম. রেজাউল করিম। শেষে বাংলাদেশের প্রথম ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ অর্জনের সাফল্য উদযাপনে কেক কাটা হয়।