বরিশালে থানা ভাঙচুর মামলার আসামি যশোরে আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি রিফাত ফকির (১৮) যশোরে আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপশহর ক্যাম্প ও বরিশালের ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করে।

আটক রিফাত ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী ফকিরবাড়ী গ্রামের খোকন ফকিরের ছেলে। সন্ধ্যায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ডিবি পুলিশ তাকে নিয়ে যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে ১১ জুলাই আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ। থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি দেওয়ালে নিজের মাথায় আঘাত করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

এরপর শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় ঢুকে ভাঙচুর করেন। ঘটনার রাতেই উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩শ জনকে আসামি করা হয়।

এ মামলায় এরআগে এজাহারভুক্ত প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ মোট ছয় জনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিফাত ফকিরের অবস্থান শনাক্ত করে তাকে যশোর থেকে আটক করা হয়।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, ঘটনার পর তাদের কাছে তথ্য ছিল, রিফাত ফকির যশোরে আত্মগোপনে রয়েছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়।

এরপর বরিশাল ডিবি পুলিশের বিশেষ দলকে সাথে নিয়ে বাহাদুরপুর তেঁতুলতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।