বনদস্যুদের দমনের দাবিতে শ্যামনগরে জেলে ও বাওয়ালদের মানববন্ধন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সুন্দরবনে দস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালরা। বনদস্যুরা প্রতিনিয়ত মুক্তিপণের দাবিতে জেলে ও বাওয়ালদের অপহরণ করছে। এদের দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রায়ই তারা মুক্তিপণের দাবিতে জেলে ও বাওয়ালদেরকে অপহরণ করছে। বনদস্য মজনু, আলিম ও মিলন পাটোয়ারী নামে তিন বাহিনীদের তৎপরতা থাকায় সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরা জেলেরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এমন অভিযোগ নিয়ে সোমবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে সুন্দরবনে জেলে ও বাওয়ালরা সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েছেন । এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলে ও বাওয়ালদের দাবির সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন। জেলে ও বাওয়ালদের ওপর নির্মম ,অত্যাচার নির্যাতন, মুক্তিপণের দাবিতে চাঁদাবাজি, অপহরণ এ সব বন্ধ রাখার দাবি করে বক্তব্য রাখেন, নির্যাতিত জেলে আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আকবর হোসেন, বাবলুর রহমান, ফজলুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াতের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এম সোলায়মান কবিরসহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের বনদস্যু নির্মূল না হলে জেলে বাওয়ালরা বৃহত্তর আন্দোলন করবেন বলে মানববন্ধন থেকে জানান তারা।