বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার

0
সাগরে প্রচণ্ড ঝড়ে ট্রলার উল্টে ৫ জেলের মৃত্যু: ৮ জন জীবিত উদ্ধার হলেও বাঁচানো যায়নি সহকর্মীদের ।। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) গভীর সমুদ্র থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে সাগরে তীব্র ঝড় ও বিশাল ঢেউয়ের কবলে পড়ে ১৩ জন জেলেসহ ট্রলারটি উল্টে তলিয়ে যায়। দুর্ঘটনার পর সাগরে ভেসে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্য পাঁচজন নিখোঁজ ছিলেন।

নিহত পাঁচ জেলে হলেন বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনার পর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি অনুসন্ধানকারী ট্রলার পাঠানো হয়। সাগরে চালানো উদ্ধার অভিযানে শেষ পর্যন্ত নিখোঁজ পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।

ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাঁদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, “পাঁচজন জেলেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমি লাশগুলো দেখিনি। খবর পেয়ে বর্তমানে আমি বাদুরতলা এলাকায় অবস্থান করছি। লাশগুলো পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”