বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে শুরু হয়েছে নতুন উত্তাপ। গতকাল রোববার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্য দিয়ে সোমবার (১৬ মার্চ) থেকে দুই আসনে শুরু হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এই প্রচারণা চলবে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

তারা হলেন, মো. মাসুদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি), মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র) এবং মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)।

অন্যদিকে বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. রেজাউল করিম বাদশা (বিএনপি), মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে এই দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে নতুন তফসিল ঘোষণা করে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষণা করা হয়।