ফেসবুক-ইউটিউবের আয়ে আর কর কাটা হবে না — বাজেটে আসছে ঘোষণা

0
ফেসবুক, ইউটিউব ও ফ্রিল্যান্সিং খাতের বৈদেশিক আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ উৎসে কর প্রত্যাহার করছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী অর্থবছর থেকে এই করছাড় কার্যকর করতে আয়কর আইন সংশোধন করছে এনবিআর।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

ফেসবুক-ইউটিউবসহ সোশ্যাল প্লাটফর্ম থেকে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আনা বৈদেশিক আয়ের ওপর আগামী অর্থবছর থেকে আর উৎসে কর কাটা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আয়কর আইনে সংশোধনী আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেট বক্তৃতায় এই ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

একটি বৈঠকেই বদলে গেল নীতি

গত ১ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। বৈঠকে তিনি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ উৎসে কর কাটার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

কেন কাটা হতো এই কর

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, দেশে অবস্থান করে বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সেবা ও পণ্য দিয়ে উপার্জিত অর্থকে ‘রেমিট্যান্স’ হিসেবে গণ্য করা হয় না। ফলে ব্যাংকগুলো ফ্রিল্যান্সারদের আনা অর্থের ওপর সাড়ে ৭ শতাংশ উৎসে কর কেটে রাখত। অথচ প্রবাসে থেকে পাঠানো অর্থকে রেমিট্যান্স ধরে কোনো কর কাটা হয় না।

আইনে আসছে কনটেন্ট ক্রিয়েটরের সংজ্ঞা

এনবিআর সূত্র জানায়, আগামী বাজেটে আয়কর আইনে কনটেন্ট ক্রিয়েটরদের সংজ্ঞা যোগ করা হবে। তবে দেশে ব্র্যান্ড প্রমোশন বা স্পনসরশিপ থেকে যে আয় হবে, তার ওপর সাধারণ করদাতাদের মতো নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

আগে কাটা করও ফেরত দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক

ইতোমধ্যে ডাচ্-বাংলা ব্যাংক ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। পাশাপাশি আগে যাদের হিসাব থেকে কর কেটে নেওয়া হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তে দেশের আইটি ও ফ্রিল্যান্সিং খাত আরও এগিয়ে যাবে। বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে আট লাখ নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল।