ফুলতলায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

 

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, জেলা ডিবির ইনচার্জ উজ্জল কুমার দত্তের নেতৃত্বে অন্য সদস্যরা ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালান। শনিবার দিনব্যাপী অভিযানে ফুলতলা উপজেলার দক্ষিণডিহির বাদশার চায়ের দোকানের সামনে থেকে আজিবর খা (৩৮)- কে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি অভয়নগর গোপীনাথপুর গ্রামের মৃত জহর খার ছেলে। অপরদিকে ফুলতলার ইমান মোড়লের ভাটার সামনে থেকে একই গ্রামের মৃত কওছার আলীর ছেলে মঞ্জেল মোল্যা (৩৮)- কে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া নড়াইল জেলার খড়লিয়া গ্রামের কবির শেখের ছেলে রুবেল শেখ (২৮)- কে ফুলতলা বাজার মাইক্রোবাস স্ট্যান্ড থেকে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

ডিবির ওসি উজ্জল কুমার দত্ত জানান, শনিবার ফুলতলার বিভিন্ন এলাকা হতে ৩ মাদক ব্যবসায়ীকে ১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। আসামি আজিবর খা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা রয়েছে।