ফকিরহাটে ২শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাটে ২শ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাটাখালী মোড় থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল উপজেলার কাটাখালী মোড়ের মাহেন্দ্র স্ট্যান্ডে অভিযান চালায়। এসময় সন্দেহজনক দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ২শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তারা ইয়াবা বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। এসময় পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মৃত শেখ আবু বক্করের ছেলে শেখ ফাকরুল ইসলাম (৪৮) ও নড়াইলের নড়াগাতি থানার ডর বল্লাহাটি গ্রামের মৃত সেকেন্দর আলী শিকদারের ছেলে আজাদ শিকদার (৪০) ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, আটক ব্যক্তিদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।