প্রেসক্লাব যশোরে মেয়ের সংবাদ সম্মেলন প্রতিবন্ধী পিতাকে গাছে বেঁধে নির্যাতনের পর হত্যার অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে এক প্রতিবন্ধীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের মেয়ে মোছা. মিনি খাতুন। শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে মিনি অভিযোগ করেন, স্থানীয় তমেজ উদ্দিনের ছেলে নাজমুলের নেতৃত্বে কয়েকজন মিলে এ নির্যাতন চালায়।

লিখিত অভিযোগে মিনি খাতুন জানান, ২০২৫ সালের ২ জুলাই সকাল ১০টার দিকে সোনাকুড় গ্রামের চায়ের দোকানের পাশে মেহগনি বাগানে নাজমুলসহ কয়েকজন তার পিতা রফিকুল ইসলামকে গাছে বেঁধে প্রায় ৪৫ মিনিট ধরে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় তিনি ঝিকরগাছা আমলী আদালতে একটি হত্যা মামলা (সি.আর ৬৬২/২৫) দায়ের করেছেন।

মিনি খাতুনের দাবি, মামলা করার পর থেকে আসামিরা তাকে ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে, এমনকি প্রাণনাশেরও চেষ্টা করছে। তিনি বর্তমানে পরিবারসহ বাড়িছাড়া অবস্থায় আছেন।

তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় আসামিরা চাপ সৃষ্টি করে মামলা প্রত্যাহার ও মীমাংসার জন্য জোর করছে, কিন্তু কোন সহযোগিতা পাচ্ছেন না।

মিনি খাতুন সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ‘আমার পিতার হত্যার বিচার না পেয়ে আজ আমরা পথে পথে ঘুরছি।’