প্রেসক্লাব যশোরের নির্বাচনে ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে বিভিন্ন পদে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্যসচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল মনোনয়নপত্র গ্রহণ করেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত এবং দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু। সহসভাপতির দুটি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদকের দুটি পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব পদে প্রার্থীর সংখ্যা নির্ধারিত পদের সমান হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তৌহিদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদকের একটি পদে মনোনয়ন জমা দিয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।

কার্যনির্বাহী সদস্যও ৬টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮জন প্রার্থী। তারা হলেন, আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস এম সোহেল ও সাফিকুল আলম (সাফিক সাঈদ)।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।