‘প্রভাতি ট্রেন’ চালুর দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-যশোর পদ্মাসেতু রেল প্রকল্পে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা এবং যশোর থেকে ভোরে ঢাকাগামী ‘প্রভাতি আন্তঃনগর ট্রেন’ চালুসহ ছয় দফা দাবিতে যশোর রেল জংশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। দাবি বাস্তবায়ন না হলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে রেল অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার দুপুরে ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র উদ্যোগে যশোর রেল জংশনের প্ল্যাটফর্মে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ঢাকা-যশোর পদ্মাসেতু রেল লিংক’ প্রকল্প চালু হলেও এর প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন যশোরের মানুষ। প্রকল্পের নামের সঙ্গে যশোরের নাম থাকলেও ট্রেনের সংখ্যা ও সময়সূচি নির্ধারণে জেলার যাত্রীদের প্রয়োজনীয়তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা জানান, বর্তমান ট্রেনের সময়সূচি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী এবং চিকিৎসাসেবাপ্রত্যাশী যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ভোরবেলায় ঢাকাগামী ট্রেন না থাকায় জরুরি প্রয়োজনে যাত্রীদের আগের দিন ঢাকা গিয়ে অবস্থান করতে হয়, যা সময় ও অর্থ, উভয় দিক থেকেই সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে যশোর থেকে ভোরে একটি ‘প্রভাতি আন্তঃনগর ট্রেন’ চালুর দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচি থেকে রেল ব্যবস্থার উন্নয়নে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, বেনাপোল/দর্শনা-যশোর-ঢাকা রুটে অবিলম্বে একটি ‘প্রভাতি আন্তঃনগর’সহ মোট তিনটি নতুন ট্রেন চালু; সব আন্তঃনগর ট্রেনে সাধারণ ও নিম্নআয়ের যাত্রীদের জন্য পর্যাপ্ত সাধারণ বগি সংযোজন; দর্শনা-খুলনা ও বেনাপোল-যশোর রুটে দ্রুত ডাবল রেললাইন নির্মাণ; সীমান্ত এলাকা থেকে যশোর হয়ে ঢাকাগামী নিয়মিত কমিউটার ট্রেন চালু; সিঙ্গিয়া রেলস্টেশনে দ্রুত ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল (আইসিটি) চালু এবং গণপরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেল ব্যবস্থার উন্নয়নে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ।

সমাবেশে সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলী বলেন, ২০২৩ সাল থেকে আমরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কিন্তু রেল কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। আগামী এক মাসের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে রেল অবরোধসহ আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগ্রাম কমিটির সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।