প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগে দম্পতির বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক দম্পতিসহ ৩ জনের বিরুদ্ধে সোমবার আদালতে মামলা হয়েছে। শহরের বেজপাড়া আকবরের মোড়ের জনৈক আব্দুস সালামের বাড়ির ভাড়াটিয়া আদনান হৃদয়ের স্ত্রী মনিকা খাতুন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, শহরের বেজপাড়া তালতলা মোড় এলাকার ইসলামের ছেলে সিরাজুল ইসলাম, তার স্ত্রী লিমা বেগম ও মুড়লি এলাকার তুহিন।  মনিকা খাতুন মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী বিদেশ থাকেন। সেই কারণে আসামিরা তার কাছে ১ লাখ টাকা দাবি করে আসছিলেন। গত ২৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আসামিরা তার বাসায় যান এবং ১ লাখ টাকা চাঁদার দাবিতে তাকে বিকেল ৪টা পর্যন্ত ঘরে আটকে রাখেন। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা মারধর করেন। তারা ছুরির ভয় দেখিয়ে আলমারির ড্রয়ারে রাখা ৪০ হাজার টাকা লুট করে নেন। এরই এক পর্যায়ে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে আসামিরা তাকে হুমকি ধামকি দিয়ে চলে যান।