প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সাড়াপোলে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের দুইধার জুড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রতিরোধের মুখে রোববার (২৯ ডিসেম্বর) থেকে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন প্রধান শিক্ষক পাপিয়া পারভিন।
বৃহস্পতিবার মানববন্ধনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিল্লাল হোসেন বলেন, পাপিয়া পারভিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, চলবে। যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগের ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ ছেড়ে যাব না। আমাদের সাথে আন্দোলনে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষকরা যুক্ত হচ্ছেন। তিনি বলেন, পাপিয়া পারভিনকে শুধু পদত্যাগ করলেই হবে না। বিগত দিনের তার সকল অপরাধের জন্যে ক্ষমা চাইতে হবে।
মানববন্ধনের অংশ নেওয়া বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসান আহমেদ ও তানজিলা খাতুন বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ একেবারই নষ্ট করে দিয়েছেন। আমরা তার পদত্যাগ ও বিচার চাই। এদিকে পাপিয়া পারভিনে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।