প্রতিমা নিরঞ্জনের মধ্যে শেষ হল দুর্গাপূজা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার রাতে শহরের লালদিঘিতে প্রতিমা নিরঞ্জন করা হয়। যশোর পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের মত এবারও লাল দিঘিরপাড়ের রাজু মঞ্চ প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সুজ্জিত করা হয়। পাশাপাশি গোটা এলাকা বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিজয় শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে আসা হয় লালদিঘির পাড়ে। পরে নৌকায় উঠিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে নিরঞ্জন করা হয়। সন্ধ্যা ৬ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলে অনেক রাত পর্যন্ত। লালদিঘির চারপাশে উৎসুক জনতা এই কার্যক্রম উপভোগ করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, প্যানেল মেয়র শেখ মকসিমুল বারী অপু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম- উদ- দ্দৌলা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহসভাপতি অ্যাড.প্রশান্ত দেবনাথ প্রমুখ। প্রতিমা নিরঞ্জনের সময় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান হয়। পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক মন্ডপের প্রতিমা লালদিঘিতে নিরঞ্জন করা হয়।