পুলিশের গণগ্রেফতারে যশোর কারাগারে অতিরিক্ত বন্দি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দির চাপ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক মামলায় অভিযুক্ত বন্দি রয়েছেন। তবে কারা কর্তৃপক্ষ বলছে, ধারণ ক্ষমতার চেয়ে বন্দি সংখ্যা সামন্য বেশি হলেও কোনো সমস্যা হচ্ছে না।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, এই কারাগারের মোট বন্দির ধারণ ক্ষমতা রয়েছে ১,৯১৯ জন। সোমবার পর্যন্ত সেখানে বন্দির সংখ্যা রয়েছে ১ হাজার ৯৭০ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাগারের মহিলা ও পুরুষ ওয়ার্ড দুটিকে মোট ৩২ টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। পুরুষ ওয়ার্ডে ধারণ ক্ষমতা রয়েছে ১,৮৮৭ জন আর মহিলা ওয়ার্ডের রয়েছে ৪৫ জন। এরমধ্যে মহিলা ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ অর্থাৎ ৮০ জন বন্দি ও পুরুষ ওয়ার্ডে রয়েছে ১৮৯০ জন বন্দি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগেও যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দির সংখ্যা ধারণ ক্ষমতার নিচে ছিলো। কিন্তু ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর থেকে প্রতিদিন হাজতির সংখ্যা বাড়ছে। এতে অধিকাংশ বন্দিকে ঠাসাঠাসি করে ফ্লোরে থাকতে হচ্ছে। এদের মধ্যে অনেক বয়স্ক, অসুস্থ বন্দি রয়েছেন তাদের চিকিৎসা নিয়েও জটিলতা দেখা দিয়েছে।
যশোর জেলা বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর থেকেই যশোরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে পুলিশ। বিশেষ করে ২৮ অক্টোবরের মহাসমাবেশকে টার্গেট করে এটি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। প্রতিদিন জেলার ৮ উপজেলাতেই পুলিশ নির্বিচারে দলের নিরীহ নিরপরাধ নেতা-কর্মীকে আটক করে কারাগারে পাঠাতে থাকে। যা ২৮ তারিখের মহাসমাবেশের পর থেকে জোরেসোরে চলছে। এ পর্যন্ত সাড়ে চারশ’রও বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গ্রেফতার থেকে দলের বয়স্ক ও অসুস্থ নেতা-
কর্মীরাও রেহাই পাচ্ছেন না। এসব নেতা-কর্মীরা এখন কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের এই মুহূর্তে ৫শ’র বেশি বিএনপি নেতাকর্মী কারাগারে বন্দি রয়েছেন। এসব বন্দির মধ্যে অনেক অসুস্থ, বয়স্ক নেতা-কর্মী আছেন। তারা দীর্ঘদিন সেখানে আটক থাকলেও জামিনের বিষয়ে সুরাহা হচ্ছেনা। অথচ পুলিশ প্রতিদিনই মিথ্যা, সাজানো মামলায় আমাদের নেতা-কর্মীদের আটক করে কারাগারে পাঠাচ্ছে। তিনি পুলিশের এসব বেপরোয়া গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধ করা দাবি জানান।
তবে এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল আলম বলেন, যশোর কারাগারে এই মুহূর্তে যত বন্দি রয়েছে তা ধারণ ক্ষমতার চেয়ে সামান্য বেশি। এতে কারাগারে বন্দিদের কোনো সমস্যা হচ্ছে না। তিনি বলেন, কারাগারে বয়স্ক ও অসুস্থ বন্দিদের বিষয়ে সব সময়ই আমরা গুরুত্ব দিয়ে থাকি। ফলে এ বিষয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই।