পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসি’র বিশাল ঈদ জামাত; নামাজ পড়বেন ২৫ হাজার মুসল্লি

0
পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসি’র ঈদ জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে। নারীদের জন্য থাকছে নামাজের আলাদা ব্যবস্থা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের বিশাল জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এই মাঠে জামাত অনুষ্ঠিত হবে, যেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুরে মাঠের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

ডিএনসিসি’র প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় নিয়ে এবার মূল প্যান্ডেলটি তৈরি করা হয়েছে স্টিল ফ্রেমের মজবুত তাঁবু দিয়ে, যেখানে ৮ হাজার মুসল্লি বসতে পারবেন। এর পাশাপাশি বাঁশের প্যান্ডেল ও খোলা মাঠে ত্রিপল বিছিয়ে আরও ১৭ হাজার মানুষের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য নির্ধারিত স্থানে ৫০০ জনের নামাজের আলাদা ব্যবস্থা করা হয়েছে। পুরো আয়োজনটি সম্পন্ন করতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করছে ডিএনসিসি।

প্রস্তুতি পরিদর্শন শেষে প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, “মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ২৫০টি সিলিং ফ্যান, ১০০টি স্ট্যান্ড ফ্যান এবং ৩২টি মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার জন্য প্রবেশপথে আর্চওয়ে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।” এছাড়া পুরুষদের জন্য ৫০ জন এবং নারীদের জন্য ১০ জনের একসঙ্গে অজু করার পৃথক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভিআইপি ও সাধারণ মানুষের প্রবেশের জন্য রাখা হয়েছে আলাদা ফটক।