শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ

0
শার্শায় মসজিদের ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ করে জামায়াতের দলীয় রাজনৈতিক কর্মসূচি পরিচালনার অভিযোগে তোলা ছবি।। ছবি: সংগৃহীত

বাগআঁড়া (যশোর) প্রতিনিধি ॥ যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকার একটি মসজিদে ধর্মীয় কার্যক্রমের আড়ালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেছে বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয়দের বরাতে জানা যায়, গত শনিবার বিকেল সাড় ৩টার দিকে মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করে দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক আলোচনা ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানো হয়। এতে পবিত্র মসজিদের ভাবগাম্ভীর্য ও সামাজিক পরিবেশ বজায় থাকা নিয়ে স্থানীয় সাধারণ মুসল্লিদের মধ্যে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শার্শার নাভারণের একটি মসজিদের ভেতরে ব্যানারের সামনে বক্তব্য রাখছেন এক জামায়াত নেতা; যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মুসল্লিরা।। ছবি: সংগৃহীত

​ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয় হতে পারে না। এটি এমন একটি স্থান যেখানে সর্বস্তরের ও সর্বমতের মানুষ এক হয়ে নামাজ আদায় করেন। তাই মসজিদের পবিত্রতা ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে এটিকে যেকোনো ধরনের দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখার জোড় দাবি জানিয়েছেন তারা।

​এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।