পুতিনকে ঠেকাতে দলে দলে সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন পোলিশরা

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এ নিয়ে উদ্বিগ্ন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডও। পোলিশ জনগণের দৃঢ় বিশ্বাস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ইউক্রেনেই শেষ হবে না। আর সেজন্য পুতিন বাহিনীকে ঠেকাতে আগেভাগেই প্রস্তুত হচ্ছেন তারা। বুধবার (২৩ মার্চ) বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পোল্যান্ডের ক্রাকো শহরের একটি সেনাঘাঁটিতে দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য অনেক তরুণ পোলিশ নাগরিককে আবেদন করতে দেখা গেছে। গত কয়েক দিনে পোল্যান্ডজুড়ে সাধারণ নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদানের আবেদন সাতগুণ বেড়েছে এবং সরকারও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। সামরিক বাহিনীতে যোগ দিতে যাওয়া প্যাট্রিসিয়া নামে ২৬ বছর বয়সী এক তরুণী বলেন, পোল্যান্ডে আক্রমণ হলে তিনি অসহায়বোধ করতে চান না। বরং দেশকে বাঁচাতে লড়াই করবেন এবং এর জন্য তিনি মোটেও ভীত নন।সাবেক সেনা সদস্য থেকে নির্মাণ পেশায় ঢোকা পাওয়েল কুইকিনস্কি জানান, তিনি স্বেচ্ছায় সামরিক বাহিনীতে ফিরতে চান। তার কথায়, দেশই আমাদের দুর্গ। একে রক্ষায় লড়াই করতে হবে এবং এটি আমাদের কর্তব্য। এ বিষয়ে ব্রিগেড কমান্ডার কর্নেল মার্সিন সিউডজিনস্কি জানান, তিনি সকালেও নতুন ১৫০ জনের নিয়োগপত্র হাতে পেয়েছেন এবং আরও আসবে বলে আশা করছেন। সীমান্তের ওপারে ইউক্রেনে যা ঘটছে, তাতে পোলিশদের মধ্যে দেশপ্রেম বেড়েছে বলে মনে করেন এ সামরিক কর্মকর্তা।