পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ ধর্মীয় আচার অনুষ্ঠান ও পুণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হলো সুন্দরবনের দুবলার চরে আয়োজিত তিন দিনের রাস উৎসব। শনিবার ভোরে সূর্যোদয়ের আগে জোয়ারের পানিতে পুণ্যস্নান করে এই উসবের ইতি টানেন পুণ্যার্থীরা। স্নানের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন তাদের ভগবান শ্রী কৃষ্ণের কাছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড় শ বছরের পুরানো এই রাস উৎসব শুরু হয়। এদিন সকাল থেকেই সারাদেশ থেকে সনাতন ধর্মালম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকা যোগে দুবলার চরে আসতে থাকেন। সন্ধ্যায় পূজা ও অর্চনা করেন। শুক্রবার মূল পূজা এবং মানত পরিশোধ করেন পুণ্যার্থীরা।
রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, এবারের উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এসেছিলেন। পুণ্যস্নানের মাধ্যমে রাস পূজার আনুষ্ঠানিকতা শেষ করেছি আমরা। এর পরেই লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীরা গন্তবে ফিরেছেন।
সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। সনাতন ধর্মালম্বীরা তাদের মত করে নিয়ম মেনে পূজা অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে দ্রুত তারা দুবলা ছেড়েছেন।