পিস্তল-গুলি ও চাকু জব্দ,খুনের কথা স্বীকার: তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকান্ডে জড়িত অভিযোগে ৪ জন আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের চাঞ্চল্যকর তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-গুলি ও চাকুসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে যশোর কোতয়ালি ও ডিবি পুলিশের একটি দল যশোর সদরের দোগাছিয়া, হাশিমপুর, ধর্মতলা, ঝাউদিয়া ও নারাঙ্গালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে যশোর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রেরিত প্রেসনোটে উল্লেখ করা হয়েছে।
প্রেসনোটে উল্লেখ করা হয়েছে, গত ৮ জানুয়ারি শনিবার যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী নামক স্থানে ছুটিপুরগামী রাস্তার পাশে শহরের ধর্মতলার ফারুকের বাড়ির ভাড়াটিয়া তৃতীয় লিঙ্গের জনৈক আব্দুল কাদের ওরফে লাভলী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে খুন হন। এ ঘটনার পর থেকে যশোর পুলিশ সুপারের নির্দেশে একাধিক দল হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের জন্য অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপন সরকার ও পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমানের সার্বিক সহযোগিতায় ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে যশোর কোতয়ালী থানা ও ডিবি পুলিশের একটি দল রাত দেড়টার দিকে সদরের দোগাছিয়া, হাশিমপুর, ধর্মতলা, ঝাউদিয়া ও নারাঙ্গালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ওইসব স্থান থেকে সদর উপজেলার দোগাছিয়ার জিয়াউর রহমানের ছেলে মো. শাকিল পারভেজ (২১), ঝাউদিয়া গ্রামের শাহাজুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (১৯), খোলাডাঙ্গা গাবতলা স্কুলের পিছনে একটি বাড়ির ভাড়াটিয়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাজমা (৩৫) ও একই এলাকার ভাড়াটিয়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) সেলিম ওরফে সেলিনা (৪০) কে আটক করেন। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু, একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি করাত কুড়াল, ৩ রাউন্ড গুলির বুলেট ও ২ মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
প্রেসনোটে পুলিশ আরও উল্লেখ রয়েছে, আটক চার জনের মধ্যে দু’জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) রয়েছে। তারাসহ আটক চারজন এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। হিজড়া সম্প্রদায়কে পরিচালনার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার মানসে ও আধিপত্য বিস্তারের জন্যই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে পুলিশকে তারা জানিয়েছেন। হত্যাকান্ডের বর্ণনায় তারা পুলিশকে বলেছেন, ঘটনার দিন প্রথমে লাভলীর ইজিবাইক গতিরোধ করে শাকিল পারভেজ ও মেহেদী হাসান তাদের কাছে থাকা পিস্তল দিয়ে হত্যা করতে উদ্যত হলেও গুলি মিস হওয়ায় পরবর্তীতে শাকিলের হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।