টাইব্রেকারের মহানাটকে ডাচদের কান্না, নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোয় মরক্কো

0
টাইব্রেকারে জয়ের পর মরক্কোর খেলোয়াড়দের উদ্‌যাপন ।। ছবি: সংগৃহীত
বোস্টনে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের নাটকীয়তার রেশ কাটতে না কাটতেই মন্তেরেইয়ে মঞ্চস্থ হলো ফুটবল বিশ্বকাপের আরেক মহানাটক। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১–১ গোলে ড্র থাকার পর পেনাল্টি শুটআউটের অবিশ্বাস্য মিসের মহড়ায় নেদারল্যান্ডসকে ৩–২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মরক্কো।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির পর এবার শক্তিশালী ডাচদের বিদায়ে চলতি বিশ্বকাপে আরও একটি বড় অঘটন দেখল ফুটবলবিশ্ব। আগামী শনিবার হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার মুখোমুখি হবে মরক্কো।

ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে মরক্কোই তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল খেলে। ৭০ শতাংশ বল দখলে রেখে ১১টি শটের ৫টিই তারা পোস্টে রাখে, যেখানে ডাচদের ৬টি শটের মাত্র ২টি পোস্টে ছিল। আফ্রিকার দলটির ফিনিশিংয়ের দুর্বলতায় ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই ম্যাচের ৭২ মিনিটে নেদারল্যান্ডসকে লিড এনে দেন কোডি গাকপো। ডাচ উইঙ্গার ক্রিসেনসিও সামারভিলের পাস থেকে বক্সের ভেতর থেকে জোরালো শটে গোলটি করেন তিনি।

কয়েক দিন আগে গাকপো ও তাঁর স্ত্রী নোয়া ফন ডার বিজের অনাগত সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়। সেই গভীর ব্যক্তিগত শোক পাথরচাপা দিয়ে দলের সাথে থেকে যাওয়া গাকপো গোলের পর হাঁটু মুড়ে বসে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন।

তবে ডাচদের সেই আনন্দ স্থায়ী হয়নি। নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিট) মরক্কো মিডফিল্ডার শেমসদিন তালবির ক্রস থেকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে ফাঁকি দিয়ে দর্শনীয় হেডে সমতাসূচক গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার ইসা দিওপ। এর ঠিক ৫ মিনিট পর সুফিয়ান রাহিমি ‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ’ থেকে ডাচ গোলকিপারকে পরাস্ত করতে পারলে ম্যাচটি নির্ধারিত সময়েই শেষ হতে পারত। কিন্তু অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় স্নায়ুক্ষয়ী শুটআউটে।

টাইব্রেকারে দুই দলই চরম স্নায়ুচাপের মুখে পড়ে। নেদারল্যান্ডসের পক্ষে জাস্টিন ক্লুইভার্ট ও কুইন্টেন টিম্বার পোস্টে শট মারেন এবং ক্রিসেনসিও সামারভিলের নেওয়া পঞ্চম শটটি ঠেকিয়ে দেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু।

অন্যদিকে মরক্কোর প্রথম শটে নিল এল আয়নাউয়ি এবং চতুর্থ শটে তারকা ফুটবলার আশরাফ হাকিমি পোস্টে মেরে সুযোগ নষ্ট করেন। তবে মরক্কোর পক্ষে ৫ নম্বর শটে লক্ষ্যভেদ করে দলকে উল্লাসে ভাসান মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। এই হারের মাধ্যমে বিশ্বকাপে টানা তিনবার পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়ার ডাচ ট্র্যাজেডি অব্যাহত রইল; এর আগে ২০১৪ এবং ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনার কাছে টাইব্রেকারেই স্বপ্নভঙ্গ হয়েছিল নেদারল্যান্ডসের।