জার্মানিকে বিদায় করে কোয়ার্টারে প্যারাগুয়ে, ঐতিহাসিক জয়ে দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা

0
চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন! শক্তিশালী জার্মানিকে পেনাল্টি শুটআউটে বিদায় করে কোয়ার্টারে উঠেছে প্যারাগুয়ে। গোলরক্ষক অরল্যান্ডো হিলের অতিমানবীয় পারফরম্যান্সে ঐতিহাসিক এই জয়ের পর প্যারাগুয়েতে আজ জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।। ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপে মহানাটকীয় এক রূপকথা লিখলো ল্যাটিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। নকআউট পর্বের প্রথম ম্যাচে প্রবল পরাক্রমশালী চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে তারা।
ম্যাচের আগে  পিছিয়ে থাকা ‘আন্ডারডগ’ প্যারাগুয়ের এই ঐতিহাসিক বিজয়ের নায়ক তাদের গোলরক্ষক অরল্যান্ডো হিল। এই অবিশ্বাস্য ও স্মরণীয় জয়কে সম্মান জানাতে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া ৩০ জুন মঙ্গলবার দেশটিতে সাধারণ ও জাতীয় ছুটি ঘোষণা করেছেন।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ৪ গোল হজম করে কোনোমতে নকআউট পর্বে আসা প্যারাগুয়ের সামনে আজ পাহাড়সম চ্যালেঞ্জ ছিল জার্মানি। ম্যাচের পুরোটা সময় বল দখলে প্যারাগুয়ের দ্বিগুণেরও বেশি এগিয়ে ছিল জার্মানরা। ম্যাচে ২১টি শট নিয়েছিল জার্মানি, যার বিপরীতে প্যারাগুয়ে শট নিতে পেরেছিল মাত্র ৭টি।

ম্যাচের ৫৪ মিনিটে প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্ডো হিলের একটি ভুলে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। এরপর অতিরিক্ত সময়ের ১২ মিনিটে জার্মানির জোনাথান টাহ একটি গোল করলেও ভিএআর (VAR) রিভিউতে দেখা যায়, গোল তৈরির সময় ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ে গোলরক্ষককে ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে নির্ধারিত সময়ে ভুল করা সেই অরল্যান্ডো হিলই হয়ে ওঠেন প্যারাগুয়ের ত্রাতা। শুটআউটের প্রথম শটেই জার্মানির কাই হাভার্টজের কিক ডান হাত দিয়ে ঠেকিয়ে দলকে মানসিকভাবে এগিয়ে দেন তিনি।

প্যারাগুয়ে প্রথম ৩টি কিকে সফল হয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর জার্মানির নিক ভল্টেমাডের শটও ঠেকিয়ে দেন হিল। এরপর প্যারাগুয়ের আন্তোনিনো সানাব্রিয়ার শট পোস্টের বাইরে চলে যায় এবং ফাবিয়ান বালবুয়েনার শট জার্মান কিপার ম্যানুয়েল নয়ার ঠেকিয়ে দিলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে।
জার্মানির জোনাথান টাহর শট বারের ওপর দিয়ে চলে যাওয়ার পর প্যারাগুয়ের হোসে কানালে নয়ারকে পরাস্ত করে লক্ষ্যভেদ করতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। আগামী শনিবার ফিলাডেলফিয়ায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

এই জয়ের পরপরই সোমবার রাতে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া এক বিশেষ ডিক্রির মাধ্যমে মঙ্গলবারকে জাতীয় ছুটির দিন ঘোষণা করে লেখেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতিতে ৩০ জুনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলো।’