পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0
ত্রাণ বিতরণ শেষে উপস্থিত দুর্গত মানুষ ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে সমসাময়িক পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কথা বলছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর কোনোভাবেই চলবে না।
পাহাড়খেকোরা রাজনৈতিক বা সামাজিকভাবে যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে কোথাও স্লুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র সরেজমিনে দেখতে আজ মঙ্গলবার জেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সফরকালে তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়া এলাকায় বন্যায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জনসাধারণকে বর্তমান নির্বাচিত সরকারের ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।