পাশবিকতায় নারীকে হত্যা অপ্রকৃতিস্থ ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে গতকাল বৃহস্পতিবার এক নারীকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারী বিবিজান নেছা (৫৫) পোড়াহাটী গ্রামের আনু মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ইয়াদ আলী (৪৫) কে জনতা হাতেনাতে আটক করেছে। সে অপ্রকৃতিস্থ বলে ধারনা পুলিশের। পোড়াহাটী গ্রামের আফজাল হোসেন জানান, এদিন দুপুরে তার চাচি বিবিজান নেছা গ্রামের একটি পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাষ কাটতে যান। এ সময় ইয়াদ আলী একা পেয়ে তাকে ধর্ষণ করেন এবং দুই হাত ভেঙে দেন। এছাড়া তার মুখমন্ডল থেতলে রক্তাক্ত করা হয়। স্থানীয় লোকজন এসময় অভিযুক্ত ইয়াদ আলীকে আটক করেন। এদিকে মুমূর্ষু অবস্থায় বিবিজান নেছাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাগুরায় মারা যান। আফজাল হোসেন দাবি করেন, তার চাচির কাপড় ও শরীরের বিভিন্ন অংশে যে আলামত পাওয়া গেছে তাতে স্পষ্ট হয় তাকে ধর্ষণের পর নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। আটক ইয়াদ আলী বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সাদা রঙের কাপড় পরে ঘোরাফেরা করতেন বলে স্থানীয়রা জানিয়েছে। আটকের পর সে নিজেকে নড়াইল সদর উপজেলার বিল ডুমুরপাড়া গ্রামের চাঁদ মোল্লার ছেলে ইয়াদ আলী বলে জানায়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনা নিশ্চিত করে জানান, ‘আটক ইয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তাকে কিছুটা অপ্রকৃতিস্থ ও মাদকাসক্ত বলে মনে হচ্ছে।’