পারিবারিক অমতে বিয়ে: খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যার লোমহর্ষক বিবরণ দিলেন মা

0
নিহত আরফান হোসেন নির্জনা (১৬), ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফান হোসেন নির্জনা হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে। নিজের ১৬ বছর বয়সী মেয়েকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা সীমা আক্তার।

গতকাল শুক্রবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিল মুহিম তার এই বক্তব্য রেকর্ড করেন। জবানবন্দির প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বুধবার রাতে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে নির্জনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একটি প্লাস্টিকের বস্তার ভেতর ছেঁড়া লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় লাশটি পড়ে ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নির্জনার সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মা সীমা আক্তার মেয়েকে শাসন করতে চড়-থাপ্পড় মারেন। ঘরোয়া এই শোরগোল ও চিৎকার শুনে নির্জনার বাবা মো. আলিম হোসেন আকাশ সেখানে আসেন। তিনি উভয়কে শান্ত হতে বললেও মেয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আকাশ। এসময় পাশে থাকা রান্নার কাঠের লাকড়ি দিয়ে তিনি মেয়ের মাথায় সজোরে আঘাত করেন। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই নির্জনার মৃত্যু হয়।

ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে প্রমাণ লোপাটের সিদ্ধান্ত নেন বাবা। ঘরে থাকা পুরোনো ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় মেয়ের মরদেহ ভরে নিজের মোটরসাইকেলের পেছনে বাঁধেন তিনি। এরপর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় নির্জনার লাশটি ফেলে রেখে পালিয়ে যান।

এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক অমতে বিয়ের বিষয়টি মূল কারণ হিসেবে দেখছে পুলিশ। সূত্র জানায়, গত ২১ এপ্রিল নির্জনা পরিবারের অমতে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের মোস্তাফিজুর রহমানকে বিয়ে করে। বিয়ের মাত্র ১৭ দিন পর পরিবার তাকে বুঝিয়ে আবার নিজেদের বাড়িতে ফিরিয়ে আনে। ঘটনার দিন সকালেও নির্জনা তার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য জেদ করলে তাকে আটকে রাখা হয়েছিল। এই টানাপোড়েনের জের ধরেই বিকেলে এই হত্যাকাণ্ড ঘটে। বর্তমানে নির্জনার বাবা আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, আজ শনিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।