পাবনায় গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রল-অকটেন

0
পাবনার সুজানগরে গোয়ালঘরের ভেতর পাওয়া গেল দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে অভিনব কায়দায় গোয়ালঘরে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে র‍্যাব ও পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ‘খান এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত তেল তাৎক্ষণিক সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চিনাখড়া বাজারে অভিযানের খবর পেয়ে খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে সটকে পড়েন। তবে স্থানীয়দের দেওয়া তথ্যে তাঁর বাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গোয়ালের ভেতর অত্যন্ত গোপনে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান মেলে। সংকটের সুযোগ নিয়ে কৃত্রিম অভাব তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে এই তেল মজুত করা হয়েছিল বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মাহমুদ হাসান জানান, দিনব্যাপী অভিযানে আতাইকুলা ও চিনাখড়াসহ চারটি বাজারের মোট ৬টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে তেল বিক্রি এবং অবৈধ মজুতের দায়ে এই শাস্তি দেওয়া হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অসাধু ব্যবসায়ীদের রুখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের নিয়মিত অভিযান জেলায় অব্যাহত থাকবে।