পাবনায় মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, স্বজনসহ দুজন নিহত

0
পাবনায় দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের সদস্যরা।। ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী ও মৃত রোগীর স্বজন বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া গোলাববাগ এলাকার অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুলু খাতুনের এক স্বজন কেয়া খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মরদেহটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে পাবনার সাঁথিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রাজ শেখ ও যাত্রী বুলু খাতুন প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক ও তাঁর সহকারী দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।